লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিএনপির নিন্দা

ইসরায়েল কতৃর্ক লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।

বিবৃতিতে ফখরুল বলেন, গতকাল ইসরায়েল কতৃর্ক লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করা হয়েছে। এসব হামলায় অসংখ্য শিশু, নারী-পুরুষ হতাহত হয়েছে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা। অথচ বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল আলোচনার পর আলোচনা করে চলেছে। অথচ এখনও পর্যন্ত এই ভয়ংকর, প্রাণঘাতি যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারছেনা। জাতিসংঘের কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক হচ্ছে।
এছাড়া বিএনপি মহাসচিব বলেন, এই প্রাণঘাতি, বিবেকহীন ও অর্থহীন যুদ্ধ এখনই বন্ধ করার জন্য আমি সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি, এই যুদ্ধ বন্ধ করতে না পারলে বিশ্ব আরও বেশি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এছাড়া কালবিলম্ব না করে এ বিষয়ে জাতিসংঘের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বানও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights