লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩৯

অনলাইন ডেস্ক

লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জন নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহতে একটি ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত সাতজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। নাবাতিয়েতে একটি মোটরসাইকেলে তিনবার ড্রোন হামলা চালানো হয়। এতে একজন সিরীয় নাগরিক নিহত হন এবং তার ১২ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়।

লেবানন সরকারের তথ্যমতে, গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৯৫ জনে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে নয়, বরং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংস করতে এই অভিযান চালাচ্ছে। ইসরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে।

গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করলেও বাস্তবে লড়াই থামেনি। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সীমান্ত বরাবর প্রায় ১০ কিলোমিটার ভূখণ্ড দখল করে রেখেছে। গাজার মতো লেবাননের অনেক গ্রামও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো যুদ্ধাপরাধের আশঙ্কা প্রকাশ করেছে।

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights