লোহিত সাগরে জাহাজে হামলায় হুতিদের ‘ফাঁদে ফেলেছে’ ইরান

অনলাইন ডেস্ক

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ইরান ‘ফাঁদে ফেলেছে’বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার তিনি ইরান-সমর্থিত এই গোষ্ঠীকে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানান।

ফিলিপাইনের ম্যানিলায় সাংবাদিকদের মার্কো রুবিও বলেন, সংঘাতের শুরু থেকে হুতিরা বেশ বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু এখন মনে হচ্ছে তারা ফাঁদে পা দিয়ে সৌদি আরব ও তাদের জাহাজে হামলা চালাচ্ছে। তিনি আরও বলেন, আমি আশা করি তারা এই উত্তেজনা কমাবে। কারণ, স্পষ্টতই ইরান তাদের বোকা বানিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরবের সব ধরনের জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয় হুতিরা। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সংঘাতে আঞ্চলিক শক্তিগুলোও জড়িয়ে পড়ছে। এর আগে লোহিত সাগরের দক্ষিণাংশের গুরুত্বপূর্ণ রুট ‘বাব আল-মান্দেব প্রণালি’ আটকে দেওয়ার হুমকি দিয়েছিল তারা। বৃহস্পতিবার লোহিত সাগরে দুটি সৌদি তেলের ট্যাংকারে হামলার দাবি করেছে গোষ্ঠীটি; যার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে।

বর্তমান এই উত্তেজনার সূত্রপাত হয় মূলত একটি পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে। সম্প্রতি ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলার জন্য রিয়াদকে দায়ী করে হুতিরা। এর মধ্য দিয়ে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিটি কার্যত ভেঙে যায়। এর আগে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার দাবি করেছিল, তেহরান থেকে সামরিক ও নিরাপত্তা কর্মীদের একটি ফ্লাইট হুতিদের কাছে এসেছে।

মার্কো রুবিও বৃহস্পতিবার এই অভিযোগটিই নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেহরান থেকে সরাসরি ফ্লাইটে আইআরজিসি সদস্যদের ইয়েমেনে আনার সিদ্ধান্ত নিয়েছিল হুতিরা। এর জবাবেই সৌদি আরব ব্যবস্থা নেয়, যা বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights