লোহিত সাগরে হামলায় ডুবল ভারতীয় পতাকাবাহী জাহাজ, জীবিত উদ্ধার ১৪ নাবিক
অনলাইন ডেস্ক
ইয়েমেন উপকূলের লোহিত সাগরে হামলায় ডুবে গেছে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমএসভি ফাইজে নুরি ওলিয়ে’। হামলার পর জাহাজটি উল্টে গিয়ে সাগরে তলিয়ে গেলেও এতে থাকা ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার হুথি বিদ্রোহী-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জাহাজটি হামলার মুখে পড়ে। একপর্যায়ে এটি উল্টে গিয়ে ডুবে যায়। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, তাদের কোস্টগার্ডের নৌ ইউনিট যৌথ উদ্ধার অভিযান চালিয়ে সব নাবিককে নিরাপদে উদ্ধার করেছে। এ ঘটনার পর কোনো উসকানি ছাড়াই একটি বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।
সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে বাণিজ্যিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। কয়েক দিন আগে হুথি বিদ্রোহীরা নতুন করে লোহিত সাগরে অবরোধ আরোপের ঘোষণা দেয়। তাদের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি আরবের কোনো পণ্যবাহী জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।
এই ঘোষণার পরপরই ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটায় আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
