লোহিত সাগর থেকে মাইন অপসারণকারী দু’টি জাহাজ সরিয়ে নিচ্ছে জার্মানি

অনলাইন ডেস্ক
আগামী কয়েক দিনের মধ্যে লোহিত সাগর অঞ্চল থেকে তাদের দু’টি জাহাজ পূর্ব ভূমধ্যসাগরে সরিয়ে নেবে জার্মান নৌবাহিনী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে, মাইন অপসারণকারী জাহাজ ‘ফুলদা’ এবং রসদবাহী জাহাজ ‘মোজেল’ বর্তমানে জিবুতিতে অবস্থান করছে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালিতে সম্ভাব্য একটি অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে গত মাসে জাহাজ দু’টি সেখানে পাঠানো হয়েছিল।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি’ এবং হরমুজ প্রণালিতে ‘নিকট ভবিষ্যতে অভিযান শুরুর কোনো সম্ভাবনা না থাকায়’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, অনির্দিষ্ট সময় ধরে জাহাজ দু’টি ওই অঞ্চলে মোতায়েন রাখা হলে তাদের কারিগরি ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হবে।

সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আরও বেড়েছে। বৃহস্পতিবার ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের জাহাজে হামলা চালিয়েছে।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজ দু’টি মোতায়েনের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হবে। অভিযানের আসন্ন শুরুর বিষয়ে নির্ভরযোগ্য ইঙ্গিত পাওয়া গেলে সেগুলো আবারও মধ্যপ্রাচ্যে পাঠানো হবে।

সূত্র: এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights