শক্তি বাড়াচ্ছে রংপুর রাইডার্স
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা আট জয়ের পর টানা চার পরাজয়। তবে রংপুর রাইডার্সের প্লে-অফ নিশ্চিত। এমনকি চিটাগং কিংস একটা ম্যাচ হারলে কোয়ালিফায়ারেও খেলতে পারে দলটা। তবে শক্তিমত্তা অনেকটাই কমে গেছে নুরুল হাসান সোহানদের। দলছুট হয়েছেন পাকিস্তানের খুশদিল শাহ। জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। তবে সমর্থকদের কিছু নেই। প্লে-অফের আগেই দলের শক্তি বাড়াচ্ছে রংপুর রাইডার্স। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির ডিরেক্টর শাহনিয়ান তানিম। এরই মধ্যে খবর রটে গেছে, ডেভিড ওয়ার্নার এবং সুনিল নারিনের মতো তারকা ক্রিকেটাররা রংপুর রাইডার্সের জার্সি গায়ে জড়াতে আসছেন। তবে সরাসরি কারও নাম বলেননি তানিম। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে নতুন ক্রিকেটার যোগ হবেন। আমি তাদের বলতে চাই না।’ তবে যেসব নাম এরই মধ্যে আলোচিত হচ্ছে এগুলোর কোনোটাকেই তিনি অস্বীকারও করেননি। তানিম এখনই নিশ্চিত করে কারও নাম বলতে চান না। কারণ, তারা বিভিন্ন লিগে খেলছেন। তাদের দল যদি কোয়ালিফায়ারে খেলে তবে আসা হবে না। সুনিল নারিনের দিকেই ইঙ্গিত করেছেন তিনি। নারিন বর্তমানে আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি-২০ লিগে খেলছেন। তার দল নাইট রাইডার্সের সুযোগ আছে কোয়ালিফায়ার খেলার। সে ক্ষেত্রে নারিনকে পাওয়া যাবে না। তবে ডেভিড ওয়ার্নার কিছুদিন আগে বিগ ব্যাশ লিগে রানার্সআপ হয়েছেন সিডনি থান্ডারে খেলে। তাকে পাওয়া যাবে বলেই আশা করা যায়। প্লে-অফে ভালো করার জন্য যত ভালো ক্রিকেটারই প্রয়োজন হোক তাদের দলে নেওয়ার চেষ্টা থাকবে রংপুরের। টানা চারটা পরাজয়ের পরও সমর্থকদের আশাহত হওয়ার কারণ দেখছে না দলটা।
