শনিবার থেকে গুলশান এলাকায় বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

অনলাইন ডেস্ক

আগামীকাল শনিবার থেকে রাজধানীর গুলশান এলাকায় আর ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না। শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্র এই তথ্য জানিয়েছে।

জানা যায়, গুলশান এলাকায় আগে শুধুমাত্র নিবন্ধিত নির্দিষ্ট রঙের প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭ থেকে ৮ মাস ধরে ব্যাটারিচালিত রিকশাসহ বাইরের রিকশা চলাচল করছে। এতে সেখানকার সব সড়কেই বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ অবস্থায় গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এর অংশ হিসেবে শনিবার থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত গার্ড নিয়োগ দিয়েছে যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র মকবুল হোসাইন জানান, গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এই কাজটি নিয়মিত করবে ডিএনসিসি।

শনিবার থেকে গুলশানে এই পদক্ষেপ চালু হলে আগামীতে সব এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছিলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে কার্যকরী ট্র্যাপার বসানোর পাশাপাশি অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights