শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রবেশপত্র সংক্রান্ত জটিলতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অংশ নিতে পারেনি বগুড়া ও নাটোরের দুইটি কলেজের ১৮ শিক্ষার্থী। তবে বিশেষ ব্যবস্থায় তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে শনিবার (৪ জুলাই) থেকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ড।

শুক্রবার (৩ জুলাই) রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামীম আরা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সংশ্লিষ্ট ১৮ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে কাজ চলছে। ফলে তারা শনিবার অনুষ্ঠিতব্য বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা থেকে অংশ নিতে পারবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ১০ জন এবং নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের কাছে জমা দিয়েছিলেন।

অভিযোগ আছে, ওই অর্থ সময়মতো শিক্ষা বোর্ডে জমা না দেওয়ায় তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। ফলে প্রবেশপত্র ইস্যু না হওয়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানান, বাদপাড়া পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র পরীক্ষা দেওয়ার বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। তারা এখন বাংলা দ্বিতীয় পত্র দিয়ে পরীক্ষা শুরু করছে। যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রস্তুত আছে।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার প্রথম দিন রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ২১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights