শরণখোলায় নতুন প্রধান শিক্ষকের যোগদান, শিক্ষাথীদের স্কুল বর্জন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাছরিন নাহার নামে নতুন একজন প্রধান শিক্ষক যোগদান করায় সৃষ্টি হয়েছে বিতর্কের। সেই বিতর্ককে কেন্দ্র করে বিদ্যালয়ের কোমলমতি শিশুরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। ছাত্রছাত্রী না আসায় গত ৫ কর্মদিবসে বিদ্যালয়টিতে কোনো পাঠদান কার্যক্রম হয়নি। এই পরিস্থিতি স্বাভাবিক ও শিশুদের শ্রেণি কক্ষে ফেরাতে ওই প্রধান শিক্ষককে ফিরিয়ে নিয়ে পুরুষ প্রধান শিক্ষক দেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন অভিভাবকরা। উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, এ বিষয়টি নজরদারির মধ্যে রেখে দ্রুত সমাধানে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোমবার সকালে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় স্কুলটিতে ২১০ জন শিক্ষার্থী থাকলেও কেউই স্কুলে আসেনি। ছাত্রছাত্রী শূন্য প্রতিটি শ্রেণিকক্ষ। অভিভাবকরা বলছেন, নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল অনুমতি না নিয়ে বিক্রির অভিযোগে প্রধান শিক্ষক নাছরিন নাহারকে বদলী করে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হয়েছে। এমন একজন বিতর্কিত প্রধান শিক্ষকের এখানে পদায়ন করায় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা হয়েছে বলে অভিযোগ তাদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন নাহার জানান, তিনি নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রশাসনিক বদলিজনিত কারণে গত ২৪ জানুয়ারি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করতে এসে দেখেন স্কুলের গেটে তালা মারা। তাই তিনি অপেক্ষা করে চলে যান। এর পরদিন সকালে স্কুলে এসে বসলেও কোনো হাজিরা খাতা পাননি। এমনকি অন্যান্য শিক্ষকরা হাজিরা খাতায় স্বাক্ষরও করেন না। সেই থেকে স্কুলে ছাত্রছাত্রীরাও আসছে না। এখন তিনি ছুটি নিবেন তাও পারছেন না।
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া হাওলাদার জানান, নাছরিন নাহার যোগদান করার পর ক্ষুব্ধ অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছে না। বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হয়েছে। পরে টিও সাহেব নিজে এসেও দেখে গেছেন। এখন বিদ্যালয়ে শিক্ষার্থীদের কোনো উপস্থিতি নাই। ছেলেমেয়েদের লেখাপড়ার কথা মথায় রেখে দ্রুত সমাধান করা প্রয়োজন।

শরণখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, এলাকাবাসী চায় একজন পুরুষ প্রধান শিক্ষক। নাছরিন নাহারকে প্রসাশনিক ভাবে গত ২৪ জানুয়ারি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করার পর অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের স্কুলে আসতে দিচ্ছেন না। তবে বিষয়টি আমরা পর্যবেক্ষণে রাখছি। সবাইকে ম্যানেজ করে থাকতে না পারলে নাছরিন নাহারের বিষয়ে দ্রুত পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights