শরিফুলের পাকিস্তান সিরিজ শেষ

অনলাইন ডেস্ক

ক্রিকেটের বাইশ গজে এখন টালমাটাল অবস্থা বিরাজ করছে টাইগারদের। সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানেও প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। এবার মাঠের বাইরে থেকেও এলো দুঃসংবাদ।

শুক্রবার (৩০ মে) লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন পেসার শরিফুল ইসলাম। প্রথম তিন বল করার পর ইনজুরিতে পড়া আর মাঠে ফেরেননি তিনি। চোটের কারণে এবার পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বাঁহাতি এই পেসার।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেশির সেই চোটের কারণে কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন শরিফুল। ফলে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেও আসন্ন শ্রীলঙ্কা সফরে ফিরবেন তিনি।

বিসিবির পাঠানো বিবৃতিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিভা বলেন, ‘শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় শরিফুল চোট পান। এমআরআই স্ক্যান সহ পরবর্তী মেডিকেল মূল্যায়নে তার ডান পাশের রেক্টাস ফেমোরিস পেশীতে গ্রেড-ওয়ান স্ট্রেইন ধরা পড়ে।’

‘ইনজুরির ফলে, বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে যথাযথ পুনরুদ্ধার এবং পুনর্বাসনের জন্য শরিফুলকে আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য খেলার বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights