‘শহিদদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে স্বৈরাচার নিপাত যাবেই’

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, শহিদরা আমাদের আন্দোলনে রক্ত দিয়ে গেছে। কেউ দুই চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, পা হারিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ৫২’র ভাষা আন্দোলন, মিলনের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে যে, স্বৈরাচার নিপাত যাবেই।

বুধবার সকালে শহিদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) চত্বরে তিনি এসব কথা বলেন। এ সময় ডা. মিলনের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, যারা গণতন্ত্রের পক্ষে থাকে, গণতন্ত্রের কথা বলে তাদের আমরা শ্রদ্ধা করব। ডা. মিলন চলে গেছেন, কিন্তু দেশবাসী তাকে স্মরণ করছে। আমরা যেখানেই থাকি, আজকের দিবসটিকে আমরা মনে রাখি। মা তার সন্তানকে হারিয়েছে। আমি চাই বাংলাদেশের আর কোনো মা যেন তার সন্তানকে না হারায়।

উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, স্বৈরশাসকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও অনেক মায়ের বুক খালি হয়েছে। এই কষ্টটা আর কোনো মায়ের পাওয়া উচিত নয়। যার যার জায়গা থেকে দেশটাকে ভালো রাখার চেষ্টা করি, আমরা এটাই চাই।

এ সময় স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন ছাড়াও অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights