শহীদদের প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত সম্মান জানানো হবে: উপদেষ্টা হাসান আরিফ
নিজস্ব প্রতিবেদক, যশোর
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রত্যাশার বাস্তবায়ন তখনই হবে যখন তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে। তিনি বলেন, বৈষম্যহীন নিরাপদ সমাজ গঠনে সংস্কারের প্রত্যাশায় বর্তমান সরকার গঠিত হয়েছে। আর এ জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব কমিশন এর মাঝেই সংস্কারের জায়গাগুলো চিহ্নিত করা শুরু করেছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যেসব সংস্কার এখনই করা সম্ভব, সেগুলো করা হবে। সংস্কারের মাধ্যমে সিস্টেমকে এমনভাবে দাঁড় করানো হবে যে, পরবর্তীতে ব্যক্তি বা সরকারের পরিবর্তন হবে কিন্তু সিস্টেম থেকে যাবে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, যশোর জেলায় কর্মরত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিত ছিলেন।
বিকেলে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া এ মতবিনিময় সভায় জেলার রাজনৈতিক ও ছাত্র নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিরা প্রথমে তাদের প্রত্যাশার কথা উপদেষ্টাকে অবহিত করেন। পরে তিনি প্রত্যেকের চাওয়া-পাওয়া ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা হাসান আরিফ রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, সংবিধান সংস্কার কোন কমিশন করতে পারে না। এই কমিশন জনগণের কাছ থেকে মতামত নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে। এরপর আপনারা সংস্কার করবেন। এই কমিশন আপনাদের কাজ সহজ করে দেবে।
ছাত্র নেতৃবৃন্দের বক্তব্যের প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের সর্বশেষ শহীদ আব্দুল্লার পরিবারের পাশে দাঁড়াতেই তিনি যশোর এসেছিলেন। তিনি বলেন, আহতদের মধ্যে যাদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন সরকার সেটা করছে। আহতদের বিদেশে পাঠাতে বিমানভাড়া যাতে নামমাত্র মূল্যে পাওয়া যায় সে ব্যাপারে তিনি চেষ্টা করছেন বলেও সভায় অবহিত করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর গোলাম রসুল, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, রাজনীতিক, ছাত্র, সাংবাদিকসহ সুধীসমাজের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপদেষ্টা এ এফ হাসান আরিফ জুলাই-আগস্ট বিপ্লবের সর্বশেষ শহীদ আব্দুল্লাহর বাড়ি যশোরের শার্শা উপজেলার বেনাপোলে যান। সেখানে তিনি শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেন ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। ৫ আগস্ট গুরুতর আহত হওয়া আব্দুল্লাহ ১৪ নভেম্বর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
