শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত উপদেষ্টা হাসান আরিফের

বেনাপোল প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেনাপোল বড় আঁচড়া গ্রামের সন্তান আব্দুল্লাহর পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন সরকারের বিমান পর্যটন এবং শ্রম উপদেষ্টা এএফ হাসান আরিফ।

তিনি সোমবার বেলা ১২ টার দিকে বেনাপোল বন্দর নগরীর বড় আঁচড়া গ্রামে আব্দুল্লাহর বাসায় এসে পৌঁছান। এ সময় তিনি আব্দুল্লাহর বাবা মাকে সান্তনা দেন, পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আব্দুল্লাহর আত্মত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হয়েছে। তার পরিবারের জন্য যা প্রয়োজন সরকার তা করবে।
উপদেষ্টা সেখানে পৌঁছানোর পর আব্দুল্লাহর মা মাবিয়া খাতুন, বাবা আব্দুল জব্বার কান্নায় ভেঙে পড়েন। তারা সন্তান হত্যা বিচার চান।

আব্দুল্লাহর মা মাবিয়া খাতুন বলেন, আমার ছেলেকে পাখির মতো গুলি করে হত্যা করেছে পুলিশ। যারা গুলি করেছে ও নির্দেশ দিয়েছে দ্রুত তাদের বিচার করতে হবে। তবেই আমার ছেলের আত্মা শান্তি পাবে।

এ সময় যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. নাফিজ হাসান, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য মাওলানা আজিজুর রহমান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল হোসেন, বেনাপোল হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল মান্নান, সাংবাদিক মিলন খাঁনসহ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট কোটাবিরোধী আন্দোলনে শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ নভেম্বর মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights