শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

শাকিব খানের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির মূলহোতা টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।

এর আগে, একই দিন বিকেল পৌনে ৬টার দিকে জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, টিপু তাণ্ডব সিনেমা পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেন। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুইয়া ওরফে শাহরিয়ার শাকিল ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে টিপুকে এক নম্বর আসামি করে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, টিপু পাইরেসির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিকে ঢাকায় পাঠানো হবে। বনানী থানা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights