শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

অনলাইন ডেস্ক
দুদিনব্যাপী নানা আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন করলো শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।

মঙ্গলবার অনুষ্ঠানের প্রথম পর্বে প্রিয় ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের বাহারি একুশের আল্পনা চিত্রায়ন, শান্ত-মারিয়াম একাডেমির শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষক-শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা ও প্রদ্বীপ প্রজ্জ্বলন এবং রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেণ্য চিত্রশিল্পী মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবির, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সকলে যার যার প্রতিষ্ঠানের পক্ষে শহীদ বেদিতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এরপর একে একে শুভেচ্ছা জানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ইন্সটিউিট অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজিসহ শান্ত নিবাস কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

শ্রদ্ধা নিবেদনের পূর্বে প্রজ্বলিত হয় অসংখ্য মোমবাতি। ঘড়ির কাটা যখন ১২টা ছুঁইছুঁই তখন সমবেত কণ্ঠে শুরু হয় আবেগঘন একুশের সেই কালজয়ী সঙ্গীত- আমার ভাইয়ের রক্তে রাঙানো …। কণ্ঠে গান আর অঞ্জলি ভরা ফুল দিয়ে শুরু হয় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। অতঃপর রাত পেরিয়ে ভোরের আলো ফোঁটার সাথে সাথেই অর্ধনমিত করা হয় জাতীয় পতাকা।
এরপর সমাপনী পর্বের অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ভাষা আন্দোলন তথা স্বাধীনতাযুদ্ধের সূত্রপাত প্রসঙ্গ ও ২১ ফেব্রুয়ারির আন্তার্জাতিক মাতৃভাষা দিবস হয়ে ওঠার বৃত্তান্তসহ তাৎপর্যপূর্ণ বিভিন্ন আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, উপাচার্য ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, গভর্মেন্ট অ্যান্ড পলিটিকসের বিভাগীয় প্রধান ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. ইয়াসমীন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের মাঝে শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরাম ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল একুশের গান, নৃত্য ও আবৃত্তিসহ হরেক রকম আয়োজন।

সর্বশেষ চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনসহ দুদিনব্যাপী একুশের এ অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights