শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ‘কর্মসংস্থান চ্যালেঞ্জ ও শিল্পের ভবিষ্যৎ’ শীর্ষক সভা
অনলাইন প্রতিবেদক
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে তৈরি পোশাক (আরএমজি) খাতের কর্মসংস্থান চ্যালেঞ্জ ও শিল্পের ভবিষ্যৎ নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসআইসিআইপি-বিজিএমইএ এবং বিশ্ববিদ্যালয়ের এএমএমটি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় শিল্প, শিক্ষাবিদ ও শীর্ষ পোশাক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারের ফলে কর্মক্ষেত্রে প্রযুক্তি ও মানুষের মধ্যে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে দেশের শিক্ষা ব্যবস্থায় আরও সমন্বয় প্রয়োজন বলে মত দেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর পরিচালক এবং ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। সভাপতিত্ব করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই-আলম।
সভায় গেস্ট অব অনারের বক্তব্যে রাখেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর পরিচালক এবং রুমানা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুমানা রশীদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর শিশির কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান এবং এএমএমটি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড ফারজানা মিতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এম টি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ইঞ্জিনিয়ার রিয়াশাদ বিন কবির এবং প্রকল্পের কো-অর্ডিনেটর আশফাকুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্পপ্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ছিল ডিবিএল গ্রুপ, এবিএ গ্রুপ, সোনিয়া অ্যান্ড সোয়েটার লিমিটেড, ডিবোনেয়ার ব্যাগ অ্যান্ড লাগেজ লিমিটেড, শিন শিন গ্রুপ, গ্রামটেক নিট ডাইং ফিনিশিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাসকো গ্রুপ, এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেড, কিউ কালেকশন প্রাইভেট লিমিটেড এবং পিমকি অ্যাপারেলস লিমিটেড।
