শামা ওবায়েদের নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নগরকান্দার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (উত্তর) যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শরিফ গোলজার আহমেদ, কাইচাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খাইরুজ্জামান মিয়া, জয়নাল আবেদীন মিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক জানে আলম মিয়া, সাবেক যুবদল সভাপতি নীরু মাতুব্বর, সহ-সভাপতি ডাক্তার আবুল বাশার, জেলা যুবদলের সদস্য কাইয়ুম মাতুব্বর, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজু তালুকদার, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর শরীফ আরমান, যুবদল নেতা আব্দুস সামাদ শরীফ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসিম মাহমুদ শাব্বু প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। গত ২১ আগষ্ট শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থকদের হামলায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের এক সমর্থক নিহত হয়। এ ঘটনায় শামা ওবায়েদ ইসলাম রিংকুকে প্রধান আসামি করে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম ও কৃষকদলের নেতা শহিদুল ইসলাম বাবুলের পদ স্থগিত করে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights