শাশুড়িকে গলাটিপে হত্যার অভিযোগ, পুত্রবধূ আটক

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামে শাশুড়িকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। শনিবার সকাল ১১টার দিকে শাশুড়ি আছিয়া বেগম (৫০) এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আছিয়া ওই গ্রামের নওশাদ আলীর স্ত্রী। এ ঘটনায় পুত্রবধূ জলি খাতুন (২৪) ও তার বোন পলি খাতুনকে (১৪) আটক করেছে পুলিশ।

প্রতিবেশী ও স্বজনরা জানান, সকালে ঘুম থেকে উঠে নিহতের ছেলে শাহিন তার কর্মস্থল বনপাড়াতে চলে যায়। সকাল ১০টার দিকে পুত্রবধূ জলির চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখতে পায় আছিয়া বেগম তার নিজ শোবার ঘরের বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। এ সময় নিহতের গলায় আচড়সহ দাগ দেখা যায়। পরে স্বজনরা পুত্রবধূ ও বেড়াতে আসা পুত্রবধূর ছোট বোনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ও বোনসহ পুত্রবধূকে আটক করে। আটককৃত পুত্রবধূ জলি ও তার বোন পলি একই উপজেলার আটুয়া গ্রামের আব্দুল জালালের মেয়ে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সরল মূরমূ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে। পুত্রবধূ ও তার বোনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights