শাহজালালের মাজারের দানবাক্স দ্বিতীয় বারের মতো খোলা হবে আজ
সিলেট ব্যুরো
দ্বিতীয়বারের মতো সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা করা হবে আজ শনিবার (১১ জুলাই)। আজ সকাল ১০টায় মাজার প্রাঙ্গণে এই টাকা গণনার কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার সিলেটের মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে গত ২২ জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম ৭০০ বছরের প্রথা ভেঙে প্রথমবারের মতো মাজারের টাকা প্রকাশ্যে গণনা করেন।
গত ১২ জুন প্রথমবারের শাহজালালের মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেন সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এরই অংশ হিসেবে গত ১৮ জুন বিকেলে মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দানের অর্থ রাখার জন্য থাকা ঐতিহাসিক তিনটি দানের ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়।
২২ জুন ৭০০ বছরের প্রথা ভেঙে মাজারের ঐতিহাসিক ডেগ ও দানবাক্স খুলে প্রকাশ্যে টাকা গণনা করান সারওয়ার আলম। সেদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পরে টাকাগুলো সোনালি ব্যাংকের একটি নতুন অ্যাকাউন্টে জমা রাখা হয়।
বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে মাজার ব্যবস্থাপনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, শনিবার (১১ জুলাই) সকাল ১০টা থেকে মাজারের দানবাক্সের অর্থ গণনা শুরু হবে। কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদরাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম পরিচালিত হবে। গণনা শেষে সংগৃহীত অর্থ জেলা প্রশাসকের নামে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।
