শাহবাগে আবারও ৩৫ প্রত্যাশীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর পরিবর্তে ৩৫ বছর করার দাবিতে আবারও বিক্ষোভ সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

বুধবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থানার উল্টো পাশে বিক্ষোভ ও সমাবেশ শুরু হয়েছে।

সকাল সাড়ে ১০টায় সমাবেশ শুরু করার কথা থাকলেও পুলিশের বাধায় কিছুটা দেরিতে শাহবাগ মূল চত্বর থেকে টিএসসির দিকে সমাবেশ করছেন শিক্ষার্থীরা।

এ দিন শাহবাগ জাদুঘরের সামনে যুবদলের একটি সমাবেশ হওয়ার জন্য প্রস্তুতি নিতে দেখা যায়।
শাহবাগ থানা পুলিশ জানায়, এখানে আরেকটি সমাবেশ শুরু হবে, তাই বিশৃঙ্খলা এবং জনভোগান্তির কথা বিবেচনা করে তাদের টিএসসির দিকে সরে গিয়ে সমাবেশ করতে বলা হয়েছে।

সমাবেশে ৩৫ প্রত্যাশীরা জানান, তারা শাহবাগ থানা থেকে সমাবেশের অনুমতি নিয়েছেন।

তবে, পুলিশ জানিয়েছে, আবেদন করা হলেও সমাবেশের কোনো অনুমতি দেওয়া হয়নি।

৩৫ প্রত্যাশী আন্দোলনকারীদের একজন বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল মেধার ভিত্তিতে দেশ গঠন। কিন্তু এখন দেখছি কোনো একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য সব করা হচ্ছে।

এর আগে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর ও বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নেওয়ার সুযোগ রাখার সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’।

আন্দোলনকারী এই সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, শর্ত বাদ দিয়ে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ বছর করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights