‘শাহরুখকে খুব ভয় পেতাম’, ৩২ বছরের পুরোনো স্মৃতি জানালেন অভিনেত্রী

শোবিজ ডেস্ক

সময় পেরিয়ে যায়, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় আজীবন। ১৯৯৪ সালের আলোচিত সিনেমা ‘অঞ্জাম’-এ শাহরুখ খানের সঙ্গে কাজের সেই পুরোনো স্মৃতিই এবার ভাগ করে নিলেন অভিনেত্রী গজলা সালমিন। দীর্ঘ ৩২ বছর পর ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ‘অঞ্জাম’-এর শুটিংয়ের দিনগুলোর কথা স্মরণ করেন গজলা। তিনি জানান, সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়েছিল মরিশাসে। ছবিতে দেখানো জন্মদিনের দৃশ্যটিও সেখানে ধারণ করা হয়।

তখন গজলা ছিলেন বেশ ছোট। ফলে সিনেমায় শাহরুখ খানের নেতিবাচক চরিত্র দেখার পর স্বাভাবিকভাবেই তাঁর মনে ভয় তৈরি হয়েছিল। তবে ক্যামেরার সামনে যে শাহরুখকে দেখা যেত, ক্যামেরার পেছনের মানুষটি ছিলেন সম্পূর্ণ ভিন্ন—জানিয়েছেন অভিনেত্রী।

গজলার ভাষ্য, শুটিংয়ের সময় শাহরুখ যখনই তাঁর কাছে আসতেন, তাঁকে আদর করতেন এবং জড়িয়ে ধরতেন। তাঁর আন্তরিক আচরণে খুব দ্রুতই শাহরুখের সঙ্গে স্বচ্ছন্দ হয়ে ওঠেন তিনি।

অভিনেত্রী বলেন, পর্দায় শাহরুখের চরিত্র দেখে ছোটবেলায় তিনি ভয় পেতেন। কিন্তু ক্যামেরার পেছনে শাহরুখ ছিলেন অত্যন্ত মিষ্টি ও যত্নশীল। তাঁর ব্যবহার গজলাকে এতটাই স্বস্তি দিয়েছিল যে শুটিংয়ের পরিবেশে নিজেকে নিরাপদ ও স্বচ্ছন্দ মনে হতো।

‘অঞ্জাম’-এ শাহরুখ খানকে দেখা গিয়েছিল এক অন্ধকার ও নেতিবাচক চরিত্রে। ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights