শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন এবং আধুনিক অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় আরও জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হায়ে ইয়ুন জং-এর সাথে এক বৈঠকে তিনি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মাধ্যমিক শিক্ষা উন্নয়ন ছাড়াও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) শক্তিশালীকরণ এবং উচ্চশিক্ষায় গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে এডিবির সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এডিবি দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বৈঠকে বর্তমানে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা খাতে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগ তুলে ধরে এডিবির চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এডিবি কান্ট্রি ডিরেক্টর হায়ে ইয়ুন জং বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে এডিবির অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং সরকারের উন্নয়নমূলক উদ্যোগে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights