‘শিক্ষার মান বৃদ্ধি করতে সবাইকে একযোগে কাজ করতে হবে’

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
‘শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া উখিয়াকে এগিয়ে নেওয়ার জন্য ১৯৯১ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে এই অঞ্চলের অনেক ছেলে-মেয়ে উচ্চশিক্ষা অর্জন করে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে সু-নামের সাথে চাকরি করে যাচ্ছে। কিন্তু বিগত ১৬ বছরে এই কলেজটি যারা পরিচালনা করেছে তারা শিক্ষার মানকে ধ্বংস করে দিয়েছে। কলেজটিকে পতিত স্বৈরাচার সরকারের অঙ্গ-প্রতিষ্ঠান হিসেবে পরিণত করেছিল তারা।’

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় উখিয়া কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও হুইপ এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৬ বছর সারাদেশে দলীয়করণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠঅন ধ্বংস হয়েছে। যার ধারাবাহিকতায় গেল কয়েক বছর উখিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় মারাত্মকভাবে ফলাফল বিপর্যয় হয়েছে। কলেজের শিক্ষার মান ফিরিয়ে আনতে আজকের এই অভিভাবক সমাবেশ।

তিনি আরও বলেন, এখন থেকে কিভাবে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় এবং জেলার শ্রেষ্ট কলেজ হিসেবে উখিয়া কলেজকে পরিচিতি লাভ করা যায় সেভাবে সবাইকে একযোগে কাজ করতে হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) যারীন তাসনিম তাসিন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও এডহক কমিটির সদস্য এ্যডভোকেট শাহজালাল চৌধুরী, এডহক কমিটির সদস্য প্রফেসর ড. মোকতার আহমদ, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুরুল হক চৌধুরী ও প্রফেসর ফজলুল করিম, সাংবাদিক তোফায়েল আহমেদ, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াত ইসলামী উখিয়া শাখার আমীর মাওলানা আবুল ফজল, উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, মাস্টার মনজুর আলম, অভিভাবক প্রতিনিধি হুমায়ুন কবির জুশান, নুরুল আমিন প্রমূখ। সভা সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তহিদুল আলম তহিদ।

উপস্থিত শিক্ষাবিদ ও বিশিষ্টজনরা সীমান্তবর্তী উখিয়া কলেজটির তলানিতে যাওয়া শিক্ষার মান ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। তারা বলেছেন, কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকার সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজ। অথচ দেশব্যাপী গত ১৬ বছরের প্রতিটি ক্ষেত্রের ভঙ্গুত্বের পাশাপাশি এই কলেজও তলানিতে পতিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights