শিগগিরই ফেরত আনা হবে হাদি হত্যার আসামি
প্রিন্ট ভার্সন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী শিগগিরই তাদের ফেরত আনা যাবে। এ ব্যাপারে কাজ চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে গতকাল দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এদিকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকান্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন (কনস্যুলার অ্যাকসেস চাওয়া) করা হয়েছে।
শামা ওবায়েদ বলেন, রবিবার আমরা জানতে পেরেছি, ভারতের কলকাতায় পুলিশ দুজন ব্যক্তিকে হাদি হত্যাকান্ডের সন্দেহভাজন হিসেবে আটক করেছে। তাদের সম্ভবত ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ইতোমধ্যে কলকাতার উপহাইকমিশন যোগাযোগ করেছে, ভারতের কাছ থেকে কনস্যুলার অ্যাকসেস আমরা চেয়েছি। প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য সেটা এখনো যথেষ্ট নয়। সম্পূর্ণ তথ্য পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা ভারতের কাছে তা পাওয়া মাত্রই সামনের দিকে এগোতে পারব। অবশ্যই ভারতের সঙ্গে আমাদের বন্দিবিনিময় চুক্তি আছে, যদি এই আসামিরা শনাক্ত হয়… হাদি হত্যাকান্ডের বিচার আমরা সবাই চাই। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির গতকাল পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু হয়েছে।
