শিবগঞ্জে স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবদুল করিম নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুল করিম হচ্ছেন জেলার শিবগঞ্চ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, আবদুল করিম সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সকালে এলাকাবাসী সড়কের পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করেছে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মা কারিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি। এদিকে নারী ঘটিত বিষয়ে আব্দুল করিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা নিহতের বড় ভাই শহিদুল ইসলামের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights