শিবচরে অসুস্থ বৃদ্ধকে হুইলচেয়ার ও খাদ্য সহায়তা দিল বসুন্ধরা শুভসংঘ

‘শুভ কাজে সবার পাশে বসুন্ধরা শুভসংঘ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসুস্থ ও অসহায় ৬০ বছর বয়সী আব্দুল মতলেব ফকিরকে একটি হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় আব্দুল মতলেব ফকিরের বাড়িতে গিয়ে তাঁর হাতে হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

জানা গেছে, আব্দুল মতলেব ফকির কাঁঠালবাড়ি ইউনিয়নের মাগুরখণ্ড এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি দিনমজুর ছিলেন। নিজের একটি ঘর ছিল, ছিল মাথা গোঁজার ঠাঁই। স্ত্রী ও ছোট সংসার নিয়ে সুখেই দিন কাটছিল তাঁর। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। তবে প্রমত্তা পদ্মার ভাঙনে ভিটেমাটি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষমতাও হারান। অসুস্থ হয়ে পড়ার পর তাঁর স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যান। পরে সরকারিভাবে একটি ঘর পেলে সেখানে তাঁর বৃদ্ধ মা আনোয়ারাকে নিয়ে বসবাস করছেন আব্দুল মতলেব।

বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। ছেলের দেখভালের দায়িত্ব এখন বৃদ্ধ মায়ের কাঁধে। বয়সের ভারে নুয়ে পড়া মা নিজেই যেখানে অন্যের সাহায্যের প্রয়োজন বোধ করেন, সেখানেই অসুস্থ ছেলের সেবা-যত্ন করে চলেছেন। মতলেবের চলাফেরার জন্য একটি হুইলচেয়ার ছিল খুবই প্রয়োজন। এমন খবর পেয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এবং উমেদপুরের স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের সহযোগিতায় আব্দুল মতলেব ফকিরকে একটি নতুন হুইলচেয়ার দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে তাঁর পরিবারের জন্য খাদ্যসামগ্রীও দেওয়া হয়।

হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পরিবারের সদস্যরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আব্দুল মতলেব ফকিরের বৃদ্ধ মা আনোয়ারা বলেন, ‘ছেলের চলাফেরার জন্য একটি হুইলচেয়ার খুব প্রয়োজন ছিল। এখন সে একটু স্বস্তিতে চলাফেরা করতে পারবে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের ভালো রাখুন।’

সহায়তাকারী রফিকুল ইসলাম বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে ভালো লাগে। আজ এই বৃদ্ধকে হুইলচেয়ার দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি গোপনে দান করতেই বেশি পছন্দ করি। আমার বাবা-মায়ের জন্য দোয়া চাই। বসুন্ধরা শুভসংঘের শিবচর শাখাকে ধন্যবাদ জানাই। তারা মাঝেমধ্যেই এ ধরনের মানবিক কাজ করে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

বসুন্ধরা শুভসংঘ শিবচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এসএস দেলোয়ার হোসাইন বলেন, ‘একজন অসুস্থ ও অসহায় বৃদ্ধের হুইলচেয়ার প্রয়োজন এমন সংবাদ পেয়ে সংগঠনের উদ্যোগে তার বাড়িতে গিয়ে নতুন একটি হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। অসুস্থ মতলেব ফকির ঠিকমতো কথা বলতে না পারলেও ইশারায় বুঝিয়েছেন, হুইলচেয়ার পেয়ে তিনি খুশি হয়েছেন। শুভ কাজে সবার পাশে বসুন্ধরা শুভসংঘ সব সময়ই থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শিবচর উপজেলা শাখার উপদেষ্টা ও সাংবাদিক আবুল খায়ের খান, সাধারণ সম্পাদক এসএস দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, আলমগীর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরফিন মোহাম্মদ সজিব, স্থানীয় মো. মামুন, রফিকুল ইসলাম, রুহুল আমীনসহ সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights