শিবচরে বাস-ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই একজনসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

প্রতাপ দাস নামের এক ব্যক্তি জানান, ‘আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ করেই বিকট শব্দ করে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেল। দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হবার সম্ভাবনা বেশি।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ আমরা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে আরও ২ জন মারা গেছেন।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও ওসি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights