শিবিরের ‘গুম-নাটক’ ও নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রশিবিরের কথিত ‘গুম-অপহরণের নাটক’, নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ছাত্রশিবিরের সমালোচনা করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, শিবির নানা ধরনের গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গুম ও অপহরণের মতো সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। নিজেদের অপরাধ আড়াল করে ভুক্তভোগী সাজানোর অপচেষ্টাও চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের প্রতারণামূলক রাজনীতি অব্যাহত থাকলে ছাত্রসমাজ তা প্রতিহত করবে।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, শিবির ধর্ষণ ও গুমের নাটক সাজিয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে, তা ভিত্তিহীন। তাদের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগকে বৈধতা দেওয়ার মাধ্যমে জামায়াতের নেতৃত্ব নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মোশাররফ হোসেন বলেন, অসামাজিক কর্মকাণ্ড আড়াল করতে নাটক সাজানোর রাজনীতি থেকে তাদের বেরিয়ে আসতে হবে। অন্যথায় দেশের জনগণকে সঙ্গে নিয়ে ছাত্রদল তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights