শিবির মুক্ত ক্যাম্পাসে চার দশক পর ছাত্রলীগের বিভাগ ভিত্তিক কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম কলেজে এবার বিভাগ ভিত্তিক কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রলীগ। দীর্ঘদিন ধরে কলেজটিতে শিবিরের একক আধিপত্যের কারণে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি কোনো প্রগতিশীল ছাত্র সংগঠন। সে ধারার বিচ্যুতি ঘটিয়ে কলেজ কমিটির পাশাপাশি এবার বিভাগ কমিটি পেল ঐতিহ্যবাহী এই কলেজ। এতে উৎসবের আমেজ বিরাজ করছে ছাত্রলীগ ও শিক্ষার্থীদের মাঝে।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, মৌলবাদী সংগঠন শিবির এই কলেজ দখল করে ইসলামের নামে অরাজকতা চালিয়েছিল পুরো চট্টগ্রামে। এই সময়ে কোনো ছাত্রসংগঠন রাজনীতি করতে পারেনি। ফলে দীর্ঘদিন ধরে কমিটি ছিল না। এবার কলেজ কমিটির পর আমরা বিভাগ ভিত্তিক কমিটি ঘোষণা করেছি। এতে করে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর আদর্শ আরও ব্যাপকভাবে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারবো বলে আমরা আশাবাদী। পাশাপাশি আগামী নির্বাচন ঘিরে মাথাচাড়া দিয়ে উঠা দেশবিরোধী শক্তিকে মোকাবেলায় কলেজ ছাত্রলীগ সবার আগে রাজপথে থাকবে।

জানা যায়, ১৯৮৪ সালে সর্বশেষ চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। ইসলামী ছাত্রশিবিরের সহিংস কর্মকাণ্ডের কারণে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয় সে সময়ের ছাত্রলীগসহ অনান্য প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো। প্রায় তিন দশক পর ২০১৫ সালে ১৬ ডিসেম্বর কলেজ ক্যাম্পাস থেকে শিবির উৎখাত করে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার ৫ বছর পর নতুন করে ৩০জনকে অর্ন্তভুক্ত করে পূর্ণাঙ্গ করা হয়েছে কলেজ কমিটি। পাশাপাশি চট্টগ্রাম কলেজের ১৮টি ডিপার্টমেন্টের মধ্যে ৯টি ডিপার্টমেন্টের কমিটি ঘোষণা করা হয়েছে। পাঁচ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেলো চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ। এতে নতুন করে ৩০ জনকে কলেজ ছাত্রলীগে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ৯টি ডির্পাটমেন্টেও কমিটিও ঘোষণা করা হয়েছে। ডিপার্টমেন্টগুলো হলো, ইংরেজী, অর্থনীতি, ডিগ্রি, সমাজবিজ্ঞান, গণিত, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান ও ইতিহাস। গত ২৯ জুলাই চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের স্বাক্ষরে এসব কমিটি ঘোষণা করা হয়।

চট্টগ্রাম কলেজে নতুন করে সহ সভাপতি করা হয়েছে, অনিক সোহেল, কনিক বড়ুয়া, বিশ্বজিৎ শর্মা, শরফুল ইসলাম মাহি, জাহিদ হাসান সাইমুন, সাজ্জাদ মোহাম্মদ আবদুল্লাহ্, আজাহার উদ্দিন শাকের, হেলাল উদ্দিন, রাকিব ইসলাম সাইক, মামুনুর রশিদ নীরব। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জিয়া উদ্দিন আরমান, আব্দুল্লাহ্ আল সাইমুন, মনির উদ্দিন রেহান। সাংগঠনিক সম্পাদক হলেন অর্ণব দেব, সাফায়েত হোসেন রাজু, ওয়াহিদুর রহমান সুজন, মো. রাশেদুর রহমান। দপ্তরের দায়িত্বে মো. জামশেদ উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল মালেক রুমী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আমান এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হলেন মবিনুল ইসলাম মুবিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights