শিশুদের হাতে ফোন বন্ধ, কেন এমন সিদ্ধান্ত নিল পোল্যান্ড?

অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড। দেশটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে।

বুধবার শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা এ তথ্য জানান। তিনি বলেন, একটি বড় আইনি পরিবর্তনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

পোল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় ৭ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এই বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রেই নতুন নিয়ম প্রযোজ্য হবে।

সরকার মনে করছে, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে শিশুদের পড়াশোনায় মনোযোগ বিঘ্নিত হচ্ছে এবং আচরণগত পরিবর্তন দেখা দিচ্ছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, স্কুলে ফোন ব্যবহার কোনোভাবেই স্বাভাবিক বিষয় হতে পারে না।

তিনি আরও বলেন, শিশুরা ক্রমেই ইন্টারনেটের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, যা তাদের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।

এর আগে ফেব্রুয়ারি মাসে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার প্রাথমিক পরিকল্পনাও তুলে ধরেছিলেন শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা। এতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আইনি জটিলতার সম্ভাবনাও তৈরি হয়েছে।

উল্লেখ্য, স্মার্টফোনের নেতিবাচক প্রভাব বিবেচনায় নিয়ে নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, ইতালিসহ আরও কয়েকটি দেশ ইতোমধ্যে স্কুলে মোবাইল ফোন ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করেছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights