শিশু ভক্তের ছবির আবদার, পুলিশের সঙ্গে মিশর দলের হাতাহাতি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে ডালাসে পৌঁছেছে মিশর। তবে নক আউট ম্যাচের আগে দলটির আগমনকে ছাপিয়ে গেছে টিম হোটেলের সামনে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

শুক্রবারের ম্যাচের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ডালাসে মিশরের টিম হোটেলের বাইরে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন মিশরীয় সমর্থক। প্রিয় ফুটবলারদের একঝলক দেখা, ছবি তোলা কিংবা অটোগ্রাফ নেওয়ার আশায় অপেক্ষা করছিলেন তারা।

দলটি হোটেলে ঢোকার সময় কয়েকজন সমর্থক খেলোয়াড়দের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। তখন এক শিশু ভক্তের আবদারে ছবি তুলতে কাছে যান মিশরের এক ফুটবলার। কিন্তু তখন ডালাস পুলিশের এক সদস্য এসে ওই ফুটবলারকে বাধা দেওয়ার চেষ্টা করেন।

সেখান থেকেই শুরু হয় উত্তেজনা। মিশর দলের সঙ্গে থাকা প্রধান কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান কাছে গিয়ে ওই পুলিশ সদস্যকে সরে আসার কথা বলেন। কিন্তু সেটি না করে বরং পুলিশ সদস্য ইব্রাহিমের দিকে তেড়ে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি আরও উত্তেজিত করে দিয়ে নিরাপত্তা কর্মীরা মিশরের কোচিং স্টাফের কয়েকজন সদস্যকে ধাক্কা দিচ্ছেন। মুহূর্তেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ এক শিশুকে খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলতে বাধা দিলে ক্ষুব্ধ হন মিশরের প্রধান কোচের ভাই ইব্রাহিম হাসান। এ নিয়ে তার সঙ্গে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনায় জড়িয়ে পড়েন নিরাপত্তাকর্মী, কোচিং স্টাফের সদস্য এবং কয়েকজন খেলোয়াড়ও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর একপর্যায়ে দেখা যায়, কোমরে গুজে রাখা পিস্তলে হাত দিচ্ছেন এক পুলিশ সদস্য।

পরে অবশ্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে হয়নি। তবে পরিস্থিতি বেশিক্ষণ অস্থির থাকেনি। সবার সম্মিলিত চেষ্টায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ও ইব্রাহিম হাসানকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। কোনো গ্রেপ্তার বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনার কারণে হতাশ হয়ে ফিরে যান অপেক্ষায় থাকা অনেক সমর্থক। প্রিয় খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলা বা দেখা করার সুযোগ আর পাননি তারা।

ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights