শুটিং দলকে ভারত পাঠানোর কারণ ব্যাখ্যা করল সরকার
অনলাইন ডেস্ক
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরের অনুমতি দেওয়া হয়নি বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে একই দেশে অনুষ্ঠিতব্য এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ খেলতে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে শুটিং দলকে। এ ঘটনায় ক্রীড়াঙ্গনে উত্তাপ ছড়িয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম জানিয়েছেন, নিরাপত্তার কারণে ক্রিকেট দলকে ভারত পাঠানো হয়নি, কিন্তু শুটিং দলের জন্য নিরাপত্তা ঝুঁকি নেই বলে অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অংশগ্রহণকারী কম, নিরাপত্তা নিশ্চিত এবং রেস্ট্রিকটেড এরিয়ায় আয়োজন হওয়ায় শুটিং দলের জন্য কোনো ঝুঁকি নেই। আয়োজকরাও নিরাপত্তা নিশ্চিত করেছে। আমরা কেস-টু-কেস সব বিষয় পর্যালোচনা করি।’
সচিব আরও বলেন, মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা ঝুঁকির কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল। ক্রিকেট দলের ক্ষেত্রে অনুরোধ ও নিরাপত্তা নিশ্চয়তা ভারত থেকে মেলেনি। তাই সরকারের পক্ষ থেকে ক্রিকেট দলকে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুটিং দলের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। শুটিং কমপ্লেক্সে দর্শক সীমিত এবং আয়োজন নিয়ন্ত্রিত, ফলে নিরাপত্তা ঝুঁকি নেই। তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রিকেট দলের সিদ্ধান্তের সঙ্গে শুটিং দলের অনুমতি মিলিয়ে দেখেছে না।
