‌‘শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে’

দিনাজপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমরা চিকিৎসক হতে পারতাম না। ডিসি-এসপি, মন্ত্রী, এমপি হতে পারতাম না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই স্বাস্থ্য সেবাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়েছেন। স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। বিএনপি-জামায়াতের বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় চালু করেছেন।

রবিবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের আয়োজনে প্রথম বর্ষের (২০২২-২০২৩ সেশন) শিক্ষার্থীদের এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে। রোগীদের মানবতার সেবা করতে হবে। একজন ডাক্তারকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পড়াশোনা করতে হবে। এই মন-মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনুষ্যত্বের বিকাশ না ঘটলে, আপনি কখনো একজন ভাল ডাক্তার হতে পারবেন না। মানুষকে শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যাবে।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরউল্লাহ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনিচুর রহমান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডা. বিকে বোস, দিনাজপুর স্বাচিবের সভাপতি ডা. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ডা. আহাদ আলী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, ইন্টার্ন কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডা. নুরুজ্জামান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ডা. নুরুল ইসলাম ও ডা. আনিকা ফারহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights