শুরু হয়েছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন
অনলাইন ডেস্ক
শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশ থেকে ছাত্রশিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নিয়েছেন।
এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এজন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে গতকাল (সোমবার) রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকারী সেশন অনুষ্ঠিত হবে।
সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ বলেন, আমাদের এখানে শুধু সংগঠনের সর্বোচ্চ স্তর, সদস্যদের এবং বিভিন্ন দলের প্রধানদের সঙ্গে গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি জানান, আওয়ামী লীগের জুলুম-নির্যাতনের সময়েও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। করোনাকালীন এবং অন্যান্য সময়ে অনলাইনে হলেও এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রতি বছরের ন্যায় এবছরও সম্মেলন হচ্ছে।
