শুল্কের কারণে ভুগতে হতে পারে, মার্কিনিদের সতর্ক করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্যের ওপর শুল্ক চাপিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তিন দেশেরই যুক্তরাষ্ট্রে বড় বাণিজ্যিক বাজার আছে। শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে। ফলে অর্নৈতিক দিক থেকে মার্কিনিরা দুর্ভোগে পড়তে পারে বলে ট্রাম্প সতর্ক করেছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম ট্রুথ স্যোশালে রবিবার ট্রাম্প লেখেন, ‘কিছু কষ্ট কী হবে? হ্যাঁ হতে পারে (আবার নাও হতে পারে)। তবে আজকের এই ত্যাগ ভবিষ্যতে কাঙ্খিত ফল বয়ে আনবে এবং আমেরিকা আবার মহান হবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কানাডা, মেক্সিকো এবং চীনের মতো কিছু দেশ বাণিজ্য, অপরাধ এবং মাদক পাচারের দিক দিয়ে দশকের পর দশক ধরে আমেরিকাকে খুবলে খাচ্ছে। সেইসব দিন এখন শেষ হয়েছে।’

কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ ও চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আগামী মঙ্গলবার থেকে এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণ অবৈধ অভিবাসী আসায় এবং প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য ঘাটতি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, কানাডা ও মেক্সিকো ‘অবৈধ ফেন্টানিল’ যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়ার প্রতিক্রিয়ায় এই শুল্ক আরোপ করা হয়েছে। ওই মাদকের কারণে কোটির বেশি আমেরিকানের মৃত্যু হয়েছে।

আর বাণিজ্যের বিষয়ে ট্রাম্পের বক্তব্য হচ্ছে, পণ্য যুক্তরাষ্ট্রেই উৎপাদন হওয়া উচিত। তাছাড়া, অন্য দেশকে ভর্তুকি দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার হারানোও উচিত না। এই ধারা বদলাতে গেলে জনগণের কিছু কষ্ট হবে, তবে তা আখেরে ভাল ফলই বয়ে আনবে বলেই মনে করেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights