শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতে নতুন রাষ্ট্রদূত ট্রাম্পের

অনলাইন ডেস্ক
শুল্কসহ বিভিন্ন ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই নিজের অন্যতম ঘনিষ্ঠজন সার্জিও গোর-কে ভারতে নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি।

ওই পোস্পে ট্রাম্প বলেন, “সার্জিও আমার খুবই ভালো বন্ধু। বহু বছর ধরে তিনি আমার পাশে আছেন। আমার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় তিনি আমার পক্ষে কাজ করেছেন, আমার সর্বাধিক বিক্রিত বইগুলো তিনি প্রকাশ করেছেন এবং সফলভাবে রিপাবলিকান পার্টির বৃহত্তম রাজনৈতিক অ্যাকশন কমিটির নেতৃত্ব দিয়েছেন। আমি তাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করছি।”

বর্তমানে হোয়াইট হাউসের প্রেসিডেনসিয়াল কর্মী বিভাগের পরিচালকের পাশাপাশি ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্বের আছেন সার্জিও গোর। তাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার কারণ হিসেবে পোস্ট করা বার্তায় ট্রাম্প বলেছেন, “ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং সেদেশে রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রে অবশ্যই এমন কাউকে আমার মনোনীত করা প্রয়োজন, যার ওপর আমি আমার এজেন্ডা বাস্তবায়নের জন্য পুরোপুরি নির্ভর করতে পারি। আমার সেই এজেন্ডা হলো—‘আমেরিকাকে ফের মহান করে তুলুন’।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের এই পোস্ট শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন গোর। পাশাপাশি তিনি বলেছেন, “(ভারতে) যুক্তরাষ্ট্রকে নতুনভাবে উপস্থাপন করার জন্য প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প আমাকে মনোনীত করেছেন। এটা আমার জীবনের অনেক বড় একটি সম্মান।”

গত জুলাই মাসে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ রফতানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফলে ভারতের ওপর নির্ধারিত মার্কিন রফতানি শুল্ক পৌঁছায় ৫০ শতাংশে। গত ২৭ আগস্ট এই শুল্ক কার্যকর হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্রের আর পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারতের। যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিপুল পরিমানে কৃষি ও ডেইরি পণ্য রফতানি করে ভারত। প্রতি বছর দুই দেশের মধ্যে গড়ে এক হাজার ৯০০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্য হয়।

তবে ট্রাম্পের আরোপিত এই অতি উচ্চমাত্রার শুল্ক ভারতের অর্থনীতিতে ইতোমধ্যেই বড় আঘাত হেনেছে।

আগামী ২৫ থেকে ২৯ আগস্ট শুল্ক ও অন্যান্য ইস্যু নিয়ে মার্কিন সরকারি প্রতিনিধিদের সঙ্গে ভারতীয় সরকারি প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই সূচি পরবর্তীতে বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বৈঠক বাতিলের কয়েক ঘণ্টার মধ্যেই সার্জিও গোর-কে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীতি করার ঘোষণা দেন ট্রাম্প। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights