শুল্ক ফাঁকির অভিযোগে ভারতে আদানি ডিফেন্সের বিরুদ্ধে তদন্ত শুরু

অনলাইন ডেস্ক
ভারতের আলোচিত শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপের প্রতিষ্ঠান ‘আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস’-এর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা অধিদফতর। বিষয়টি সরাসরি জানা দুটি সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারি নথি ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, আদানি ডিফেন্স ২০২৪ সালের মার্চ মাসে আমদানিকৃত ক্ষেপণাস্ত্র যন্ত্রাংশে ৭৭ কোটি রুপি (প্রায় ৯ মিলিয়ন ডলার) শুল্ক ও কর এড়াতে ভুলভাবে শুল্কমুক্ত ঘোষণা করেছিল। তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি কাস্টমস আইন ভুলভাবে ব্যাখ্যা করে এই সুবিধা নিয়েছে।

আদানি গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, কাস্টমস বিধির ব্যাখ্যার ভিত্তিতে রাজস্ব গোয়েন্দা অধিদফতর কিছু ব্যাখ্যা চেয়েছিল এবং প্রতিষ্ঠানটি প্রাসঙ্গিক নথিপত্রসহ সেই ব্যাখ্যা প্রদান করেছে।

সূত্র জানায়, আদানি ডিফেন্স ২০২৪-২৫ অর্থবছরে মোট ৭৬ মিলিয়ন ডলার আয় করেছে এবং ফাঁকি দেওয়া অর্থ তাদের মোট আয়ের ১০ শতাংশ-এর বেশি এবং লাভের অর্ধেকেরও বেশি।

তদন্ত চলাকালে আদানি কর্তৃপক্ষ আমদানিকৃত যন্ত্রাংশ ভুলভাবে শ্রেণিবিন্যাস করার কথা স্বীকার করেছে, এমন দাবি করেছেন এক সরকারি কর্মকর্তা। তবে আদানি গ্রুপ এই দাবির বিষয়ে কোনও মন্তব্য করেনি।

এ ধরনের মামলায় সাধারণত প্রতিষ্ঠানকে ফাঁকিকৃত শুল্কের পুরো অংকের পাশাপাশি ১০০ শতাংশ জরিমানা দিতে হয়। এ ক্ষেত্রে মোট অর্থের পরিমাণ দাঁড়াতে পারে ১৮ মিলিয়ন ডলার (প্রায় ১৫৪ কোটি রুপি)। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights