শেখর ইউনিয়নে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সভা
অনলাইন ডেস্ক
ফরিদপুরের বোয়ালমারীর শেখর ইউনিয়নে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. কামাল আহমেদের বাস ভবনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সাবেক চেয়ারম্যান পলাশের বিচার চাওয়া হয়। শেখর ইউপি চেয়ারম্যান মো. কামাল আহমেদের সভাপতিত্বে সভায় জামায়াত নেতা মাওলানা জুবায়ের আহমেদ, খেলাফত মজলিশ নেতা মাওলানা মহব্বত আলী, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, মো. আত্তাব উদ্দিন, রাসেল শেখ, হাবিবুর রহমান ও ইলিয়াস শেখসহ ভুক্তভোগীরা বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, সাবেক চেয়ারম্যান পলাশের হাত থেকে বাঁচতে ও তার কীর্তিকলাপ নিয়ে আমি বিএনপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলেছি। কিন্তু তাঁদের কেউই পলাশকে নিজেদের লোক বলে স্বীকার করেনি। বিএনপির নাম ভাঙ্গিয়ে পলাশ নিজের স্বার্থ চরিতার্থ করলেও ঐ দলটির সর্বনাশ করছে। পলাশের জুলুম-অত্যাচার অব্যাহত থাকলে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
প্রসঙ্গত, ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহ মানুষদের হয়রানি, জুলুম-নির্যাতন, হুমকি-ধামকি ও চাঁদাবাজির বিস্তর অভিযোগে উপজেলার শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে শেখর, দিঘির পাড়, বারাংকুলা, মাগুরা, সহস্রাইলসহ ইউনিয়নের কয়েক গ্রামের মানুষ।
