শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার : জয়নুল আবেদীন

অনলাইন ডেস্ক
আজ শনিবার রাজধানীর এফডিসিতে ‘‘জুলাই হত্যাকাণ্ডে জড়িত দলের ভবিষ্যৎ রাজনীতি’’ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘পালিয়ে যাওয়া রাজনৈতিক নেতার রাজনীতি করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। এ মুহূর্তে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া আপাতত উচিত হবে না।’

আজ শনিবার রাজধানীর এফডিসিতে জুলাই হত্যাকাণ্ডে জড়িত দলের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, তারা নির্বাচনে এলে ব্যাংক, শেয়ারবাজার, মেগা প্রকল্পের লুটের টাকা ও পেশীশক্তি ব্যবহার করে নির্বাচনকে কলুষিত করতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে শেখ হাসিনার ফাঁসি হলে বা তিনি দেশে না এলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে রাজনৈতিক মহলেও বিতর্ক আছে। নিষিদ্ধ করলে বিরাজনীতিকীকরণ হবে কি না এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। শুধু আওয়ামী লীগ নয় নিষিদ্ধ করতে হলে তাদের দোসর বাকি ১৪ দলকেও নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনার মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। তিনি রাতকে দিন ও দিনকে রাত বললে কিছু লোক এটাকে চোখ বুঝে মেনে নিতো। তাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের মতো ঢালাওভাবে মামলা হলে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। এতে সঠিক বিচার পেতে বেগ পেতে হবে। প্রকৃত অপরাধীদেরই বিচার হওয়া উচিত। ন্যায়বিচার না হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা উঠে যাবে।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে জুলাই হত্যাকাণ্ডে জড়িত দলের ভবিষ্যৎ রাজনীতি শীর্ষক ছায়া সংসদে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিতার্কিকদের পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক আব্দুল্লাহ তুহিন, সাংবাদিক আরিফুজ্জামান মামুন, সাংবাদিক আহমেদ সরওয়ার, সাংবাদিক মো. আব্দুল্লাহ আল রাফি। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights