শেয়ারবাজারে সাত দিন টানা দরপতন
নিজস্ব প্রতিবেদক
আগের সপ্তাহের পুরো পাঁচ দিনের সঙ্গে চলতি সপ্তাহের প্রথম দুই দিন দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। কমেছে মূল্যসূচক।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম কমেছে ২৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দাম বেড়েছে মাত্র ৭০টির। আর ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে গত ৩০ জুনের পর ডিএসইর প্রধান সূচক সর্বনিম্ন অবস্থানে চলে এলো। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৩৩ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪০২ কোটি ২০ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪৫ কোটি ৮৭ লাখ টাকা। এর মাধ্যমে ১৩ কার্যদিবসের মধ্যে ডিএসইতে সব থেকে কম লেনদেন হলো। লেনদেনের শীর্ষে ছিল আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার। ১০২ টাকা ১০ পয়সা থেকে কমে ৯৫ টাকা ৯০ পয়সায় কোম্পানিটির ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৩ লাখ টাকার। ১৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিমিট অ্যালায়েন্স পোর্ট। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৪০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৭টির এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৫১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২২ কোটি ৪৬ লাখ টাকা।
