শেরপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ২
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে গত ১৩ মার্চ ব্যাটারিচালিত অটোরিকশা চালক মোশারফ হোসেনকে (৪০) হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই হত্যাকারিকে গ্রেফতার করেছে পুলিশ। খুনিরা হলো- নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামের আব্দুল জুব্বারের ছেলে মো. আলমগীর হোসেন (২৪) ও একই উপজেলার কালাকুমা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. নুরুল ইসলাম (৬৫)।
আজ দুপুরে শেরপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
খুন হওয়া অটোরিকশা চালক মোশারফ হোসেন কাকরকান্দি গ্রামের মো. সাফায়েতউল্লাহর ছেলে।মোশারফের খুনিরা খুনের বিষয়ে তাদের সংশ্লিষ্ঠতার কথা শিকার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলমগীর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রেস ব্রিফিংকালে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আরাফাতুল ইসলাম, ডিআইও-১ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
