শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়

অনলাইন ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে মঙ্গলবার দিবাগত রাতে শেষ ম্যাচে তলানির দল এফসি ইউনিয়ন বার্লিন দারুণ চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাদের। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

এই জয়ে ‘সি’ গ্রুপের ৬ ম্যাচের ছয়টিতেই জিতে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে গেল লস ব্লাঙ্কোসরা। ১০ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হয়েছে নাপোলি। আর মাত্র ২ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে ইউনিয়ন বার্লিন। ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে ব্রাগাও।

এদিন অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল রিয়াল। ম্যাচের ৪৫+১ মিনিটের মাথায় বার্লিনের কেভিন ভোল্যান্ড গোল করে এগিয়ে নেন দলকে। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতির পর ৬১ মিনিটে জোসেলুর গোলে ফেরে সমতা। এ সময় রদ্রিগোর বাড়িয়ে দেওয়া ক্রসে হেড নিয়ে জালে জড়ান তিনি। ৭২ মিনিটের মাথায় তিনি জোড়া গোল পূর্ণ করলে এগিয়ে যায় রিয়াল। এবারও হেডে গোল করেন তিনি। তাকে গোলে সহায়তা করেন ফ্রান গ্রাসিয়া।
তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি রিয়াল। ৮৫ মিনিটের মাথায় বার্লিনের আলেক্স ক্র্যাল গোল করে সমতা ফেরান। কিন্তু ৮৯ মিনিটের মাথায় দানি সেবালোস গোল করে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন। তাকে গোলে সহায়তা করেন জুদে বেলিংহ্যাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights