শেষ ম্যাচে রাঙালেন অ্যালিসা হিলি

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে সবধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের মেয়েদের বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে নেমেছে অজিরা।

এটা মিচেল স্টার্কের স্ত্রী হিলির শেষ ওয়ানডে ম্যাচ ছিল। আট বিশ্বকাপজয়ী তারকা মাঠ রাঙিয়েছেন ৯৮ বলে ১৫৮ রানের দুর্দান্ত এক ইনিংসে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০তে এগিয়ে ছিল অজিরা। হোবার্টে তৃতীয় ওয়ানডে টসে জিতে অজিদের ব্যাটিংয়ের পাঠায় ভারত। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে রেকর্ড সংগ্রহ গড়েছে স্বাগতিকরা। মেয়েদের ক্রিকেটে অষ্টম সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৪০৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে এটা তাদের সর্বোচ্চ রানের রেকর্ড। সঙ্গে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটি খেলেছেন হিলি। সঙ্গে বেথ মুনি ১০ চার ও ১ ছক্কায় ৮৪ বলে করেছেন অপরাজিত ১০৬ রান।

ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে হিলি ফিফটির দেখা পান ৪৯ বলে, সেঞ্চুরি তোলেন ৭৯ বলে। দেড়শ রানের দেখা পান ৯৫ বলে। ২৭ চার ও ২ ছক্কায় শেষে ৯৮ বলে ১৫৮ রানের ইনিংস খেলে বিদায় মঞ্চ রাঙিয়েছেন তিনি।

মিচেল স্টার্ক যেমন ছেলেদের অজি দলের অন্যতম ভরসা পেসার, মেয়েদের দলের অন্যতম ভরসার ব্যাটার হলেন অ্যালিসা হিলি, ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ার। ৩৫ বর্ষী উইকেটরক্ষক-ওপেনার খেলেছেন ১০ টেস্ট, যাতে রয়েছে ৩ ফিফটি, সর্বোচ্চ ইনিংস ৯৯ রান। ১২৬ ওয়ানডে খেলা হিলির ১৯ ফিফটির সাথে আছে ৮ সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংসটি ১৭০ রানের। ১৬২ টি-টুয়েন্টি খেলে একটি সেঞ্চুরি পেয়েছেন, আছে ১৭ ফিফটি, সর্বোচ্চ ১৪৮ রান।

২০১৩ এবং ২০২২ সালে অস্ট্রেলিয়ার হয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন হিলি। ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ এবং ২০২৩ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি।

এদিন ১০ ওভার বল করে ২ উইকেট নিলেও ভারতের বোলার শ্রী চরনি খরচ করেন ১০৬ রান। তৃতীয় বোলার হিসেবে ওয়ানডে ইনিংসে এক শ বা তার বেশি রান দিলেন তিনি। এক ওয়ানডে ইনিংসে ৮০ বা তার বেশি রান দেয়ার ঘটনা ভারতের ইতিহাসে ৬ বার। এর মধ্যে ৩টি ঘটনাই ঘটেছে এই ম্যাচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights