শোরুমে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে ৫ লাখ টাকার বাইক নিয়ে চম্পট!
অনলাইন ডেস্ক
চুরি করতে এসে শোরুমে ঢুকে প্রথমে কফি বানিয়ে খেলেন। এরপর মনের সুখে করলেন স্নান। ভেজা কাপড় শুকিয়ে বলিউডের জনপ্রিয় গান ‘লুঙ্গি ডান্স’-এর তালে জমিয়ে নাচলেন। এমন আয়েশি চোরের কথা কে কবে শুনেছে!
এমন সব কাণ্ড করতে পার করলেন সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময়। সবশেষে যাওয়ার সময় নিয়ে গেলেন প্রায় ৫ লাখ টাকার দামি একটি বাইক!
সিনেমার গল্পকেও হার মানানো এই অবাক করা চুরির ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই চোরের এমন অদ্ভুত কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
সূত্র জানায়, ওই চোর মোটরসাইকেলের শোরুমে টানা সাড়ে চার ঘণ্টা ধরে অবস্থান করেন। এই দীর্ঘ সময়ে তিনি অত্যন্ত আয়েশি ভঙ্গিতে নিজের জন্য কফি তৈরি করেন এবং তা পান করেন। এরপর গোসল সেরে নিজের কাপড় শুকান। এমনকি শোরুমের ভেতর ‘লুঙ্গি ডান্স’ গানে তাকে নাচতেও দেখা যায়। এসব বিলাসী কাজ শেষে তিনি সোজা শোরুম ম্যানেজারের ৪ লাখ ৭১ হাজার রুপি দামের বিলাসবহুল একটি কেটিএম (KTM) বাইক নিয়ে চম্পট দেন।
বৃহস্পতিবার এই চুরির বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বারাণসী পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ডিসিপি বরুণা জোন কমিশনারেট জানিয়েছে, ইতিমধ্যে এ ঘটনায় মান্ডুয়াডিহ থানায় সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
