শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ ও মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিক্সা চালক আতাউর রহমানকে (৩২) অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনায় শ্রীপুর থানায় মামলা রুজু হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ অপহরণের ঘটনা এবং মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী অটোরিক্সা চালকের স্ত্রীর বড় ভাই রেজাউল করিম (৩০) বাদী হয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চারজনকে আসামি করে শ্রীপুর থানায় মামালা দায়ের করে। পরে পুলিশ ওই রাতেই মামলার দুইজন এবং অপর এক আসামিকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতার করে।
আসামিরা হলেন, বগুড়ার ধুনট উপজেলার আড়িয়া মোহন গ্রামের রোকন তালুকদারের ছেলে আসাদুল ইসলাম (৪৬), এনামুল হক (৪০) ও মনির উদ্দিনের মেয়ে রহিমা খাতুন (৪২)। তারা শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার মৃত মাইন উদ্দিন বেপারীর ছেলে আদাম বেপারী বাবু (৩২), জয়নাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০)। তাদের মধ্যে আসাদুল ইসলাম, এনামুল হক এবং আদাম বেপারী বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল চান মামলার বরাত দিয়ে জানান, ভুক্তভোগী অটোরিক্সা চালক আতাউর রহমান কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর গ্রামের আব্দুল কাসেমের ছেলে। সে শ্রীপুর পৌরসভা বেড়াইদেরচালা (ওয়েলডান মোড়) এলাকার ভাড়া বাসায় বসবাস করে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত সাড়ে ৯টার দিকে আসামি আসাদুল ইসলাম এবং এনামুল হকসহ তাদের অজ্ঞাত চারজন সহযোগী আতাউর রহমানকে তার ভাড়া বাসার সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে। তারা তাকে আসাদুল ইসলামের দোকানের ভিতরে নিয়ে দোকানের সাটার বন্ধ করে দেয়। এক পর্যায়ে অপর আসামি আদাম বেপারী বাবু এবং আনোয়ার হোসেন অটোরিক্সা চালককে কাঠের বাটাম দিয়ে মারধর করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এসময় আসামিরা ভুক্তভোগীর সাথে থাকা নগদ ৩৭ হাজার টাকা এবং তার মোবাইলের বিকাশ একাউন্টে থাকা ৮ হাজার টাকা মুক্তিপণ নিয়ে যায়। মুক্তিপণের বাকী টাকা না দেওয়ায় আসামি আসাদুল ইসলামের ভাড়া বাসার একটি কক্ষে ভুক্তভোগীকে আটক করে রাখে। গতকাল সোমবার বিভিন্ন সময় ভুক্তভোগী অটোরিক্সা চালককে ঘরে আটকে রেখে মারধর করে। আসামীরা তাদের দুটি মোবাইল নাম্বার থেকে অটোরিক্সা চালকের স্ত্রীর বড় ভাই (মামলার বাদী) রেজাউল করিমের মোবাইলে এবং তার বোন সাজেদা বেগমের মোবাইলে কল দিয়ে ৬ লাখ টাকা মুক্তিপন দাবি করে। পরে ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। এসময় এনামুল হক এবং আদাম বেপারী বাবুকে গ্রেফতার করে পুলিশ। অপর আসামি আসাদুল ইসলামকে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের মধ্যে এনামুল হক এবং আদাম বেপারী বাবুকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি আসাদুল ইসলাম এবং অপহৃত অটোরিক্সা চালক আতাউর রহমানকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) জবানবন্দী দেওয়ার জন্য আদালতে পাঠানো হবে।
