শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের ২নং সিএন্ডবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হাসান (৩৫) পিরোজপুরের সদর থানার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে ও বিথী আক্তার (৩০) রাকিব হাসানের স্ত্রী। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার একটি গার্মেন্টস কারখানার মানবসম্পদ বিভাগে কর্মরত ছিল। এ দম্পত্তির ৯ মাস বয়সী এক শিশু সন্তান আছে।

মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, শনিবার দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পত্তি। এ সময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই বিথী আক্তার মারা যান, গুরুতর আহতবস্থায় রাকিব হাসানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যান শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights