শ্রীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে নতুন কাঠামো অনুযায়ী বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার মাওনা বাজার এলাকার কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশের সাথে কারখানা কর্তৃপক্ষ সমঝোতা করলে শ্রমিকরা সড়ক ছেড়ে কাজে যোগ দেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে একাধিকার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও কর্তৃপক্ষ কোন সুরাহা না করায় শ্রমিকরা আন্দোলন করছে। শ্রমিকরা আরো জানান, বছর শেষে ছুটি ভাতা পরিশোধ না করে জোর করে স্বাক্ষর নিয়ে ছাটাই করার হুমকি দেন কর্তৃপক্ষ। এছাড়াও ওভার টাইমসহ নানা বিষয়ে শ্রমিকরা অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

শ্রমিক অসন্তোষের খবরে ঘটনাস্থলে আসেন মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন। তিনি ঘটনাস্থলে এসে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে সাথে কথা বলেন। তিনি বলেন, আন্দোলনরত শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় কারখানার মালিকপক্ষে সাথে বসে শ্রমিকদের দাবি দাওয়া পূরণের ব্যবস্থা নেয়া হবে। দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলনরত শ্রমিকরা বেলা ১১টা ১৫ মিনিটের সময় সড়ক ছেড়ে কারখানায় কাজে যোগ দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজামান জানান, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি দাওয়া পূরণে আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights