শ্রীলঙ্কাকে ৫ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। টানা তৃতীয় ম্যাচে জয়ের ধারা ধরে রেখে এবার শ্রীলঙ্কাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের যুবারা।

বুধবার চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাজমুল হুদা ফয়সাল করেছেন জোড়া গোল। এছাড়া ইকরামুল ইসলাম, মোহাম্মদ মানিক ও বায়েজিদ বোস্তামি একটি করে গোল করেন।

ম্যাচের ২৪তম মিনিটে ইকরামুলের গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। পাঁচ মিনিট পর অপুর পাস ধরে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক। প্রথমার্ধ শেষ হয় ২-০ তে।

বিরতির পরও থেমে থাকেনি বাংলাদেশের আক্রমণ। রিফাত কাজীর বাড়ানো বল থেকে গোল করেন ফয়সাল। যোগ করা সময়ে আবারও জালের দেখা পান তিনি, এর ঠিক আগেই দূরপাল্লার শটে স্কোরলাইনে নাম লেখান বায়েজিদ। শেষ পর্যন্ত ৫-০ গোলের সহজ জয় পায় বাংলাদেশ।

এই নিয়ে বাছাইপর্বে তিন ম্যাচে তিন জয় নিয়ে নিজেদের জাল অক্ষত রাখল বাংলাদেশ। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে ব্রুনেইকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

আগামী শুক্রবার গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights