শ্রীলঙ্কা থেকে সাঁতরে ভারতে এলেন এক দম্পতি, নতুন ইতিহাস

ব্যাঙ্গালোরের তথ্যপ্রযুক্তি পেশাজীবী এক দম্পতি নতুন এক ইতিহাস রচনা করেছেন। তারা শ্রীলঙ্কা থেকে ঐতিহাসিক রাম সেতু রুট ধরে পাশাপাশি সাঁতার কেটে পৌঁছেছেন ভারতে। এমন যাত্রা সম্পন্ন করা প্রথম দম্পতি তারা।

এই দম্পতি হলেন দানিশ আবদি ও বৃশালি প্রসাদে। গত ৭ই মে তারা শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে ভোর সাড়ে ৪টার দিকে যাত্রা শুরু করেন এবং প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ পক প্রণালি পাড়ি দিয়ে বিকেল প্রায় ৩টা ১৫ মিনিটে তামিলনাড়ুর ধানুশকোডিতে পৌঁছান। পুরো যাত্রায় সময় লাগে ১০ ঘণ্টা ৪৫ মিনিট।

এই অভিযানের ভিডিওতে দেখা যায়, উত্তাল ঢেউ, দিক পরিবর্তনকারী বাতাস এবং শক্তিশালী সমুদ্রস্রোতের সঙ্গে লড়াই করতে হয়েছে এই দম্পতিকে। বারবার স্রোত তাদের নির্ধারিত পথ থেকে সরিয়ে দিচ্ছিল। একটি ভিডিওতে সূর্য ওঠার আগেই অন্ধকার পানিতে ঝাঁপ দেয়ার প্রস্তুতি নিতে দেখা যায় আবদিকে। অন্য ভিডিওগুলোতে ঘণ্টার পর ঘণ্টা উত্তাল সমুদ্রে সাঁতার কাটার পর অবশেষে ভারতীয় উপকূলে পৌঁছানোর দৃশ্য উঠে এসেছে।

পুরো যাত্রা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সম্পন্ন করা হয়। সাঁতারুদের সঙ্গে ছিল সহায়ক নৌযান, প্যারামেডিক দল এবং ভারতীয় কোস্ট গার্ড সদস্যরা। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে- ‘যেদিন আমরা শ্রীলঙ্কা থেকে সাঁতার কেটে ভারতে পৌঁছাব এবং প্রথম দম্পতি হিসেবে ইতিহাস গড়ব! আমাদের সব প্রশিক্ষণ ও প্রস্তুতির পরীক্ষা হবে এই সাঁতারে, আর আমরা মনে করি আমরা প্রস্তুত।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই অর্জন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই দম্পতির সহনশীলতা, শৃঙ্খলা ও দলগত সমন্বয়ের প্রশংসা করেছেন। এই অর্জন আরও বিশেষ কারণ, আবদি ও প্রসাদে দুজনই সফটওয়্যার পেশাজীবী এবং মাত্র চার বছর আগে তারা সিরিয়াসভাবে সাঁতারের প্রশিক্ষণ শুরু করেন। এই দম্পতি পুরো চ্যালেঞ্জের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে নথিভুক্ত করেছেন, যাতে ভবিষ্যৎ ক্রীড়াবিদ ও অ্যাডভেঞ্চারপ্রেমীরা অনুপ্রাণিত হন। তাদের সফল যাত্রাকে ভারতীয় ওপেন-ওয়াটার সাঁতারের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করা হচ্ছে। শ্রীলঙ্কা থেকে ভারত রুট একসঙ্গে সম্পন্ন করা প্রথম দম্পতি হিসেবে তারা নতুন মানদণ্ড স্থাপন করেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights