সংসদে সংঘর্ষ, রাহুলের বিরুদ্ধে তদন্তে নামছে দিল্লি পুলিশ
অনলাইন ডেস্ক
রাহুল গান্ধী কি সংসদে ধাক্কাধাক্কি করেছিলেন? তার ধাক্কার জেরেই কি বিজেপির দুই এমপি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন? ভারতের লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের করা বিজেপির এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। তদন্তভার দেওয়া হয়েছে অপরাধদমন শাখাকে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার রাহুলের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধীরা। সংসদের মকর দ্বারের কাছে বিজেপি সাংসদদের সঙ্গে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, যা ক্রমে হাতাহাতিতে পরিণত হয়। এই সময়ে ধাক্কাধাক্কিতে পড়ে যান বিজেপির এমপি প্রতাপ ষড়ঙ্গী এবং মুকেশ রাজপুত। মাথায় চোট নিয়ে দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন।
বিজেপির অভিযোগ, রাহুলের ধাক্কাতেই দুই এমপি পড়ে গিয়ে চোট পেয়েছেন। তার বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ দায়ের করে বিজেপি। কংগ্রেসও ওই একই থানায় পাল্টা একটি অভিযোগ দায়ের করেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, বিজেপির এমপির ধাক্কায় বর্ষীয়ান নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পড়ে গিয়েছেন। তিনি হাঁটুতে চোটও পেয়েছেন। ডিসিপি জানিয়েছেন, কংগ্রেসের অভিযোগটিও খতিয়ে দেখবে অপরাধদমন শাখা।
সংসদে সে দিন ঠিক কী কী ঘটেছিল, তা খতিয়ে দেখার জন্য সংসদে গিয়ে তদন্ত প্রয়োজন। দিল্লি পুলিশের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমতি চাওয়া হবে। সংসদে গিয়েই ঘটনাস্থল পরিদর্শন করবেন পুলিশ কর্মকর্তারা।
গত মঙ্গলবার ভারতের রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’’ তাঁর আরও সংযোজন, ‘‘জওহরলাল নেহরুর সঙ্গে আম্বেদকরের অনেক মতপার্থক্য ছিল। সেই কারণেই নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।’’ বুধবার থেকেই অমিত শাহের বিরুদ্ধে আম্বেদকর-অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস-সহ বিরোধীরা। বৃহস্পতিবার সেই বিক্ষোভ সংঘর্ষের রূপ নেয়, যা গড়ায় থানা-পুলিশ পর্যন্ত।
